কাবার ভাইরাল ভিডিওটি শিরশ্ছেদ হওয়া বাংলাদেশিদের নয়
প্রধান অ্যাডমিন — 2026-10-20T12:36:00.000Z
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে অশালীন কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে সেই ঘটনার সঙ্গে সম্পর্কিত দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওকে ‘বিভ্রান্তিকর’ বলে জানিয়েছে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববী সংক্রান্ত সংবাদ ও তথ্য প্রকাশকারী একটি সংবাদমাধ্যম।খালিজ টাইমস জানিয়েছে, মঙ্গলবার (২০ অক্টোবর) প্রতিষ্ঠানটির এক্স অ্যাকাউন্টে বলা হয়, অনলাইনে প্রচারিত ভিডিওটি ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার প্রমাণ নয়। ভিডিওটির সঙ্গে ঘটনার যে সম্পর্ক দাবি করা হচ্ছে, তা সঠিক নয়।
এর আগে ১৪ অক্টোবর সৌদি কর্তৃপক্ষ মক্কার একটি মসজিদে অশালীন আচরণের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হলেও ঘটনার বিস্তারিত বিবরণ দেয়া হয়নি। এমনকি কোন মসজিদে ওই ঘটনা ঘটেছিল, তা-ও উল্লেখ করা হয়নি।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম নজরুল ইসলাম আব্দুল বাসির ও সিতি আখতার বলে বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে মসজিদের পবিত্রতা লঙ্ঘন কিংবা অন্যের সম্মানহানিকর অপরাধের বিরুদ্ধে নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং ইসলামি আইন প্রয়োগে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সৌদি কর্তৃপক্ষ।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর পবিত্র কাবার পূর্ব কোণে স্থাপিত পবিত্র পাথর হাজরে আসওয়াদের কাছে এক নারী ও এক পুরুষের উপস্থিতি দেখা যায়- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অনলাইনে ভিডিওটির সঙ্গে দুই বাংলাদেশির বিরুদ্ধে ওঠা অশালীন আচরণের অভিযোগের যোগসূত্র দাবি করে বিভিন্ন ক্যাপশন দিয়ে প্রচার করা হয়।
তবে পবিত্র দুই মসজিদ সংক্রান্ত তথ্য প্রকাশকারী প্রতিষ্ঠানটির এক্স অ্যাকাউন্টে বলা হয়, ‘এই দাবির সঙ্গে যে ভিডিওটি ছড়ানো হচ্ছে, তা মিথ্যা এবং ভিডিওটি মৃত্যুদণ্ড কার্যকরের প্রমাণ নয়।’ এ বিষয়ে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে জানিয়েছে খালিজ টাইমস।
দৈনিক রূপালী চট্টগ্রাম