পদ্মায় জালে ধরা পড়া বিপন্ন শুশুক, নিলামে ২ হাজার ১০০ টাকায় বিক্রি
প্রধান অ্যাডমিন — 2026-10-30T12:56:00.000Z
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট মাছবাজারে প্রকাশ্যে নিলামে বিক্রি হয়েছে বিপন্ন প্রজাতির গাঙ্গেয় ডলফিন বা শুশুক। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাতটার দিকে গাউছিয়া মৎস্য আড়তে শুশুকটি ২ হাজার ১০০ টাকায় বিক্রি করা হয়। স্থানীয় এক জেলে বৃহস্পতিবার রাতে পদ্মা নদীতে মাছ ধরার সময় ফাঁসন জালে শুশুকটি পান। আড়তদারদের তথ্য অনুযায়ী, শুশুকটির ওজন ছিল ১৫ থেকে ১৬ কেজি। আন্তর্জাতিক পরিবেশ সংস্থা আইইউসিএনের লাল তালিকায় থাকা এই প্রাণীটি অতি বিপন্ন হিসেবে চিহ্নিত। বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী শুশুক শিকার, হত্যা, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ। তবে মাছবাজারে প্রকাশ্যে নিলামে বিক্রির ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।দৈনিক রূপালী চট্টগ্রাম