আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

প্রধান অ্যাডমিন — 2026-10-26T13:33:00.000Z

যু'দ্ধের কারণে ফ্লাইট বিপর্যয়ে নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছাতে না পারা এবং এর মধ্যে আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া বাংলাদেশি কর্মীরা পুনরায় দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। তাদের প্রবেশের প্রক্রিয়া ইলেকট্রনিক সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় কমাতে হবে। তিন লাখ টাকায় যেখানে বিদেশে যাওয়া সম্ভব, সেখানে কর্মীদের কাছ থেকে সাত থেকে আট লাখ টাকা নেওয়া অনুচিত। রিক্রুটিং এজেন্সিগুলোকে বৈধ উপায়ে ব্যবসা পরিচালনা এবং অতিরিক্ত অর্থ আদায় থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এ ছাড়া কর্মীদের বিদেশযাত্রার প্রক্রিয়া সহজ করা ও ভিসার বৈধতা দ্রুত যাচাইয়ের জন্য বিএমইটিতে আধুনিক প্রযুক্তি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. নুরুল হক, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক রূপালী চট্টগ্রাম