আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আদায়, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

প্রধান অ্যাডমিন — 2026-10-26T13:23:00.000Z

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক নারীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৩ লাখ ৮০ হাজার টাকা ও স্বর্ণালংকার আদায়ের অভিযোগ উঠেছে তিন মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় আবু সাঈদ নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দুই অভিযুক্ত পলাতক রয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) মামলার তথ্য ও পুলিশ সূত্রে এসব বিষয় জানা গেছে। অভিযুক্তরা হলেন ফরিদুল ইসলাম, আবু সাঈদ ও মোহন মাস্টার। অভিযোগ অনুযায়ী, কৌশলে ওই নারীর কিছু আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করে অন্য দুই শিক্ষকের কাছে পাঠান ফরিদুল ইসলাম। পরে সেগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর কাছে টাকা দাবি করা হয়।

এজাহারে বলা হয়েছে, গত ৯ অক্টোবর মাদরাসায় ডেকে নিয়ে ছবি ও ভিডিও দেখিয়ে টাকা দাবি করেন দুই শিক্ষক। একপর্যায়ে সেগুলো মুছে ফেলার কথা বলে ওই নারীর কাছ থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা ও স্বর্ণালংকার নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এরপরও টাকা দাবি অব্যাহত থাকে।

এ ঘটনায় ২৫ অক্টোবর গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পুলিশ জানিয়েছে, পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

দৈনিক রূপালী চট্টগ্রাম