বর্নাঢ্য আয়োজনে প্রবারণা পূর্নিমা উদযাপন করছে বান্দরবানের বৌদ্ধ সম্প্রদায়
প্রধান অ্যাডমিন — 2026-10-26T07:18:00.000Z
দূর্গাপুজার রেশ কাটতে না কাটতেই পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা। ধর্মীয় ও সামাজিক এই উৎসবকে ঘিরে আনন্দ উৎসবের আমেজ বিরাজ করছে পার্বত্য জেলা বান্দরবানে।প্রবারণা পূর্নিমা বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব। আষাঢ়ী পূর্নিমার পরের দিন থেকে টানা তিনমাসের বর্ষাবাস শেষে বৌদ্ধ নর-নারীরা বিভিন্ন বৌদ্ধ মন্দিরে গিয়ে পঞ্চশীল, অষ্টশীল ও দশশীল গ্রহন করেন এবং প্রবারণা পূর্ণিমা পালন করে থাকে। এসময় সকল অহিংসা ও পাপ কাজ থেকে বিরত থাকার মন্ত্রে দীক্ষিত হন বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মানুসারীরা। প্রবারণা পুর্ণিমা পালন উপলক্ষে সকাল থেকে বান্দরবানের বিভিন্ন বিহারে বিহারে চলছে ধর্মীয় প্রার্থনা। ভিক্ষুদের উদ্দেশ্যে অর্থ ও অন্নদান আর ফুল পূজাসহ চলছে নানা ধর্মীয় আনুষ্টানিকতা। আর বিভিন্ন উপাসক-উপাসিকারা গ্রহণ করছে অষ্টশীল ও দশশীল।
বিহারে বিহারে চলছে ধর্মীয় দেশনা ও জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় করা হচ্ছে বিশেষ প্রার্থনা। বৌদ্ধ ধর্মালম্বীরা বিভিন্ন বিহারে বিহারে উপস্থিত হয়ে সুখ:শান্তি লাভ ও পারিবারিক সুস্থতার জন্য প্রার্থনায় জড়ো হচ্ছে। দায়ক-দায়িকারা মোমবাতি,ধুপকাটি প্রজ্জলন আর বৌদ্ধ ভিক্ষুদের ছোয়াইং (বিভিন্ন ধরনের খাবার) প্রদান করে দিনটি পালন করছে মহাআনন্দে।
প্রবারণা পূর্নিমা বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব, প্রতি বছর এই দিনটি সকল বৌদ্ধ ধর্মালম্বীদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। এই দিনের মাধ্যমে সকল পাপ কাজ থেকে বিরত থেকে সৎ ও সুন্দর কাজে সকলকে নিয়োজিত হতে আহবান বৌদ্ধ ভিক্ষুদের। বান্দরবানের রাজগুরু বৌদ্ধ বিহারের ধর্মজ্যোতি ভিক্ষু জানান, পবিত্র এই দিনে সবাই বিহারে যায় আর ভগবান বুদ্ধের কাছে সকল পাপ থেকে মুক্তি প্রত্যাশা করে আর পরিবার-পরিজনের সুখ শান্তি প্রত্যাশা করেন।
প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষ্যে বান্দরবানে সন্ধ্যায় মহারথ টানা হবে আর, বিভিন্ন বৌদ্ধ বিহারে হাজার প্রদীপ প্রজ্জলন,ফানুস উত্তোলন আর পাড়ায় পাড়ায় পিঠা তৈরি উৎসব চলবে রাতব্যাপী। নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ২৭ অক্টোবর (মঙ্গলবার) মধ্যরাতে সাংগু নদীতে রথ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বৌদ্ধ ধর্মালম্বীদের এই প্রবারণা উৎসবের।
দৈনিক রূপালী চট্টগ্রাম