ভারতে হ'ত্যা মা'ম'লা থেকে বাঁচতে এআই দিয়ে নিজের মৃ'ত্যুর নাটক সাজালেন যুবক
প্রধান অ্যাডমিন — 2026-10-26T07:14:00.000Z
উত্তর প্রদেশে হত্যা মামলা ও আর্থিক প্রতারণার হাত থেকে বাঁচতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির সাহায্যে নিজের মৃত্যুর নাটক সাজানো এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় দেড় বছর ধরে আইনের চোখে 'মৃত' সেজে পালিয়ে থাকার পর গত ২৫ অক্টোবর উত্তর প্রদেশের মউ জেলার খাজাঞ্জাহানপুর এলাকা থেকে রাজকুমার রাজভর নামের ৩৮ বছর বয়সী ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। ২০১৬ সালের একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় জামিনে থাকার সময় রাজকুমার এই জালিয়াতির ছক কষেন। তিনি শেয়ার বাজারে বিনিয়োগের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নেওয়া বিপুল পরিমাণ টাকা ফেরত দেওয়া এড়াতে এবং হত্যা মামলার কঠোর শাস্তি থেকে বাঁচতে ২০২৫ সালের মে মাসে গাজীপুরে নিজের মৃত্যুর ভুয়া নাটকটি মঞ্চস্থ করেন।এই অভিনব জালিয়াতির জন্য রাজকুমার এআই প্রযুক্তির সাহায্যে শ্মশানের চিতায় রাখা একটি লাশের ছবির ওপর নিজের মুখ বসিয়ে নিখুঁতভাবে এডিট করেন। এরপর সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে একটি মৃত ছাগলকে চিতার কাপড়ে মুড়িয়ে শেষকৃত্য সম্পন্ন ও দাহ করা হয়। এই ভুয়া ছবি ও শেষকৃত্যের শোভাযাত্রাকে পুঁজি করে তিনি মউ পৌরসভা থেকে একটি আসল মৃত্যু সনদও জোগাড় করতে সক্ষম হন। পরবর্তীতে আদালতে আইনজীবীর মাধ্যমে সেই সনদ জমা দিয়ে নিজের বিচার প্রক্রিয়া স্থগিত করিয়ে নেন এবং ছদ্মবেশে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে থাকেন। তবে শেষ রক্ষা হয়নি, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ তদন্তের পর পুরো জালিয়াতি চক্রটি উন্মোচন করে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে সেই পুরোনো হত্যা মামলার মুখোমুখি করার পাশাপাশি আদালতের সাথে প্রতারণা ও জাল নথি তৈরির অপরাধে নতুন মামলার অধীনে আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক রূপালী চট্টগ্রাম