ডি থ্রি নিলামে তামিমকে নিয়ে কাড়াকাড়ি, শেষ হাসি ফরচুনের
প্রধান অ্যাডমিন — 2026-10-26T06:52:00.000Z
ডি থ্রি ট্রফির চলমান নিলামে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দর উঠেছে তানজিদ হাসান তামিমের। ‘এ’ ক্যাটাগরিতে থাকা এই ওপেনারকে পেতে দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। শেষ পর্যন্ত ২ কোটি পয়েন্টে তাকে দলে নিয়েছে ফরচুন।এর আগে ফরচুন ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে কিনেছে নাজমুল হোসেন শান্তকে। একই দল ৭৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে সৌম্য সরকারকে। রিশাদ হোসেনকেও ৬০ লাখ পয়েন্টে কিনেছে তারা। তবে টি-টোয়েন্টি টুর্নামেন্টের সময় বিগ ব্যাশে খেলবেন এই লেগ স্পিনার।
নিলামে শেখ মেহেদী হাসানকে সবার আগে ১ কোটি ৫০ লাখ পয়েন্টে কিনে নেয় ব্লু স্টার। তাইজুল ইসলামকে ৮০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট।
নিলামের চূড়ান্ত তালিকায় ছিলেন ২৭৫ জন ক্রিকেটার। তাদের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ২২ জন, ‘বি’ ক্যাটাগরিতে ২৫ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৭০ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ জন এবং ‘ই’ ক্যাটাগরিতে ১১২ জন ছিলেন।
এর আগেই ছয় আইকন ক্রিকেটারের দল চূড়ান্ত হয়েছে। মোসাদ্দেক হোসেন সৈকত একমি, নাঈম শেখ সিটিজেন্স ব্যাংক, মুশফিকুর রহিম সেভেন রিংস সিমেন্ট, নুরুল হাসান সোহান ব্লু স্টার, তাওহীদ হৃদয় ফরচুন এবং মেহেদী হাসান মিরাজ ওয়ালটনের হয়ে খেলবেন।
দৈনিক রূপালী চট্টগ্রাম