শুধু একটা স্নাইপারের অভাব ছিল মন্তব্য করা সেই আবু বকর ৭ দিনের রিমান্ডে

প্রধান অ্যাডমিন — 2026-10-25T10:57:00.000Z

রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে ব্যবহৃত বাসের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টে স্নাইপার দিয়ে গুলি করার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার আবু বকর সিদ্দিককে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন। রিমান্ড শুনানিতে বিচারকের প্রশ্নের জবাবে আবু বকর সিদ্দিক বলেন, তিনি মজা করে মন্তব্যটি করেছিলেন এবং এর পেছনে তার কোনো উদ্দেশ্য ছিল না।

আবু বকর সিদ্দিক রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত বুধবার গভীর রাতে রাজশাহীর পবা থানার কচুয়াতৈল এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়।

একই দিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এসআই ইয়াছিন পাইক আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। আদালত রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেন। নির্ধারিত দিনে আসামিকে আদালতে হাজির করা হলে তার উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে তদন্ত কর্মকর্তা ইয়াছিন পাইক রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। এ সময় বিচারক আসামির রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা বলেন, তার রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে এ বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে।

দৈনিক রূপালী চট্টগ্রাম