টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থিদের কার্যক্রম বন্ধের ঘোষণা’

প্রধান অ্যাডমিন — 2026-10-24T19:13:00.000Z

টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থিদের কোনো ইজতেমা ও তাবলীগি কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান। একই সঙ্গে ২০১৮ ও ২০২৪ সালের হত্যা মামলায় দ্রুত চার্জশিট দাখিলের দাবি জানিয়েছেন আলেম-ওলামারা।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে গাজীপুরের টঙ্গীর টিনশেড এলাকায় সারাদেশের আলেম-ওলামাদের অংশগ্রহণে আয়োজিত এক পরামর্শ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান বলেন, টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থিদের কোনো ইজতেমা কিংবা তাবলীগি কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না।

তিনি আরও বলেন, সাদপন্থিদের বিরুদ্ধে ২০১৮ ও ২০২৪ সালের হত্যা মামলায় দ্রুত তদন্ত শেষ করে অভিযোগপত্র বা চার্জশিট দাখিলের ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের কার্যকর পদক্ষেপ দাবি করেন তিনি।

এর আগে, সাদপন্থিদের ইজতেমা আয়োজনের বিষয়ে সরকারের গুরুত্বপূর্ণ মহল থেকে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীসহ শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও তাবলীগের মুরব্বিদের অনুরোধ জানানো হয়েছিল বলে সভায় জানানো হয়।

দৈনিক রূপালী চট্টগ্রাম