ফ্রান্সে লাখ লাখ মানুষের বিক্ষোভ, পথে পথে পুলিশের সঙ্গে সংঘর্ষ

প্রধান অ্যাডমিন — 2026-10-24T19:09:00.000Z

ফ্রান্সে রাজপথে উপচে পড়ছে জনরোষ। শনিবারের বিক্ষোভ ঠেকাতে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। এমন পদক্ষেপের মুখেও দমে যাননি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনরত ফরাসি নাগরিকরা। পূর্বনির্ধারিত বিক্ষোভে এদিন রাজপথে নেমে এসেছেন প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ। এর মধ্যে শুধু রাজধানী প্যারিসেই ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ বিক্ষোভ যোগ দিয়েছেন। খবর আল জাজিরার।

দেশটির অন্যতম বড় শ্রমিক ফেডারেশন সিজিটি অবশ্য দাবি করেছে, সরকারের দেয়া এই হিসাবের প্রায় দ্বিগুণ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। রাজধানী প্যারিসে শুরুতে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও রাতের দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ।

বিক্ষোভ শুরুর আগেই অবশ্য স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছিল, প্লাস দ্য লা বাস্তিল এবং প্লাস দ্য লা নেশন-এর মধ্যবর্তী মূল রাস্তাটিতে বিক্ষোভ নিষিদ্ধ থাকবে। এ ছাড়া শ্রমিক ইউনিয়ন ছাড়াও অন্যান্য দল বা গোষ্ঠীর আয়োজিত অন্যান্য বিক্ষোভগুলোও নিষিদ্ধ করা হয়েছিল।

বিক্ষোভের রুট নিষিদ্ধ করা এবং মিছিলটিকে শহরের একপ্রান্তে ঠেলে দেয়ার ঘটনায় আন্দোলনকারীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। এতে শিক্ষার্থীরা আরও বেশি সংখ্যায় রাস্তায় নেমে আসার ক্ষেত্রে উদ্বুদ্ধ হন।

বিক্ষোভকে কেন্দ্র করে প্যারিসে দোকানপাট বন্ধ রাখা হয়। বিলাসপণ্যের দোকানগুলোর জানালার কাচ প্রতিরক্ষামূলক প্যানেল দিয়ে ঢেকে দেয়া হয়, পাশাপাশি কোনও কোনও ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তারক্ষী নিয়োগ করে। পুলিশের অনুরোধে প্যারিসের অন্তত ২৪টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়। ল্যুভর ও ওরসে মিউজিয়ামসহ প্রধান সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোও সারাদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।


এদিন বিকেলে পুলিশ জানায়, তারা দেশজুড়ে বিক্ষোভকে কেন্দ্র করে অন্তত ১৩৫ জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র জব্দ করা হয়েছে।

আগামী ৩১ অক্টোবর একটি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ২০১৮ সালে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে রাজপথে নেমে ফ্রান্সকে নাড়িয়ে দেয়া ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীরা।

দৈনিক রূপালী চট্টগ্রাম