৩ ম্যাচে ৯৫ গোল হজম বাংলাদেশের
প্রধান অ্যাডমিন — 2026-10-23T15:39:00.000Z
চীনে চলমান আইএসইএফ অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে চরম বিপর্যয় ও লজ্জাজনক পারফরম্যান্সের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের 'সি' গ্রুপে নিজেদের খেলা তিনটি ম্যাচের সবকটিতেই প্রতিপক্ষের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে লাল-সবুজের দল। তিন ম্যাচ মিলিয়ে প্রতিপক্ষের কাছে অবিশ্বাস্য ৯৫টি গোল হজম করেছে তারা, যার বিপরীতে প্রতিপক্ষের জালে একটি গোলও পাঠাতে পারেনি।গত ১৯ অক্টোবর সুচৌ তাইহু এফসি স্টেডিয়ামের ৭ নং মাঠে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে চেক রিপাবলিকের মুখোমুখি হয়ে ২৭-০ গোলের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ। প্রথম ম্যাচের এই ধাক্কা সামলে ওঠার আগেই পরদিন দ্বিতীয় ম্যাচে জার্মানির কাছে ৩৫-০ গোলে উড়ে যায় দল।
এরপর ২১ অক্টোবর সুচৌ এক্সপেরিমেন্টাল সাইন্স অ্যান্ড টেকনোলজি সিটি মাঠে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে মরক্কোর মুখোমুখি হয় বাংলাদেশ। সেখানেও চিত্রনাট্যের কোনো পরিবর্তন ঘটেনি; ৩৩-০ গোলের বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়ে তরুণ ফুটবলাররা।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল শেষ ষোলোতে খেলার সুযোগ পেলেও, 'সি' গ্রুপে তিন ম্যাচে ৯৫ গোল হজম করে কোনো পয়েন্ট আদায় করতে না পারায় টুর্নামেন্টে টেবিলের তলানিতে থেকে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের।
গ্রুপ পর্বের এই ভরাডুবির পর স্থান নির্ধারণী ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। সেখানেও প্রতিপক্ষের গোলবন্যায় বিধ্বস্ত হতে হয়েছে লাল-সবুজ প্রতিনিধিদের—আলজেরিয়ার কাছে ৪০-০ এবং হাইতির কাছে ১১-০ গোলের বড় ব্যবধানে হেরেছে অনূর্ধ্ব-১৮ দলটি। সব মিলিয়ে টুর্নামেন্টে নিজেদের ৫ ম্যাচে ১৪৬টি গোল হজম করার তিক্ত অভিজ্ঞতা নিয়ে শূন্য হাতে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশকে।
দৈনিক রূপালী চট্টগ্রাম