সিজেপির বিক্ষোভে যোগ দেয়ার ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামীর, ভারতে তোলপাড়
প্রধান অ্যাডমিন — 2026-10-23T15:31:00.000Z
ভারতে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) নামে জালিয়াতির অভিযোগে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেবেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর। ওই প্রতিবাদ সমাবেশে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং অভিনেতা প্রকাশ রাজের সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকতে পারেন তিনি। খবর ইন্ডিয়া টুডের।পিপল এগেইনস্ট এসআইআর’ জোটের উদ্যোগে আয়োজিত ২৩ অক্টোবরের এই প্রতিবাদ কর্মসূচিতে এসআইআর বাতিলের দাবি তোলার পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করা হবে।
সরকারের অর্থনৈতিক নীতির কড়া সমালোচক প্রভাকর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে লিখেছেন, ‘প্রতিটি গলি হোক এক একটি যন্তর মন্তর! শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬। গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের পদযাত্রা। আসুন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা জেগে উঠি।’
প্রভাকর ছাড়াও প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ, কৃষকনেতা রাকেশ তিকায়েত, বামপন্থি ছাত্রনেত্রী নেহা বোরা এবং লেখক তুষার গান্ধীর মতো বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। এদিকে জোটের পক্ষ থেকে বিরোধী ইন্ডিয়া ব্লকের দলগুলোকেও এই বিক্ষোভে যোগ দেয়ার আহ্বান জানানো হলেও তাদের অংশগ্রহণ এখনও নিশ্চিত হয়নি।
কে এই পরাকলা প্রভাকর?
এর আগে গত ৮ আগস্ট বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ইউটিউবার ধ্রুব রাঠী এবং প্রকাশ রাজদের সঙ্গে সিজেপির প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন প্রভাকর। স্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের দীর্ঘদিনের বিজেপি সংশ্লিষ্টতা সত্ত্বেও ক্ষমতাসীন দলটির একজন কড়া ও স্পষ্টবাদী সমালোচক হিসেবে পরিচিত তিনি।
নিজের ‘দ্য ক্রুড টিম্বার অব নিউ ইন্ডিয়া’ বইটিতে মোদি সরকারের নোটবন্দির মতো সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন প্রভাকর। এ ছাড়া ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেয়ার অভিযোগও তুলেছেন তিনি।
দৈনিক রূপালী চট্টগ্রাম