মাত্র ৯ টাকার লটারিতে কোটি টাকা জিতলেন নারী

প্রধান অ্যাডমিন — 2026-10-23T14:05:00.000Z

মাত্র ৯ টাকার লটারির টিকিট কিনে ১ কোটি রুপি জিতেছেন ভারতের পাঞ্জাবের এক শ্রমজীবী পরিবারের নারী বিমলা দেবী। বাংলাদেশি মুদ্রায় পুরস্কারের পরিমাণ প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।

পাঞ্জাবের ফরিদকোট জেলার কোটকাপুরা এলাকার বাসিন্দা বিমলা দেবী লটারির ফল ঘোষণার মাত্র এক দিন আগে রেলস্টেশনের কাছে একটি দোকান থেকে টিকিটটি কিনেছিলেন। পরদিন ফল প্রকাশের পর জানতে পারেন, তাঁর টিকিটেই উঠেছে প্রথম পুরস্কার।

বিমলা দেবীর স্বামী পেশায় শ্রমিক। দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা পরিবারটির জন্য এই পুরস্কার নতুন আশার আলো হয়ে এসেছে।

বিমলা জানান, পুরস্কারের অর্থ দিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি এবং সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে চান তাঁরা। এ ছাড়া একটি ব্যবসা শুরু করার কথাও ভাবছেন।

লটারি বিক্রেতা নরেশ মোঙ্গা জানান, তাঁর দোকান থেকে এবারই প্রথম কোনো টিকিটে ১ কোটি রুপির পুরস্কার জিতেছেন কেউ। বিমলা দেবী ও তাঁর পরিবারের এই জয়ে আনন্দ প্রকাশ করেন তিনিও।

দৈনিক রূপালী চট্টগ্রাম