সৌদি জোট-হুতি সংঘাত: ইয়েমেনে ১৫৭৪ জন নিহত, আহত ৭ হাজার
প্রধান অ্যাডমিন — 2026-10-22T14:51:00.000Z
গত আগস্টে সশস্ত্র গোষ্ঠী হুতি ও সৌদি জোটের মধ্যে সর্বশেষ সামরিক উত্তেজনা শুরুর পর থেকে ইয়েমেনে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৫৭৪ জন নিহত এবং ৭ হাজার মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটি জানায়, আগস্টের শুরু থেকে ১৯ অক্টোবর পর্যন্ত তিন মাসের কাছাকাছি সময়ে ইয়েমেনে মোট ৮ হাজার ৫১৩ জন হতাহত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৫৭৪ জন নিহত এবং ৬ হাজার ৯৩৯ জন আহত হয়েছেন।
তবে হতাহতদের মধ্যে বেসামরিক নাগরিক, সামরিক সদস্য নাকি উভয় পক্ষের লোকজন রয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি সংস্থাটি। ডব্লিউএইচও জানায়, সর্বশেষ আট দিনে ২৯২ জন নিহত এবং ১ হাজার ৪৮ জন আহত হয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার সংস্থাটি জানিয়েছিল, ৬ আগস্ট উত্তেজনা শুরুর পর থেকে ইয়েমেনে ১ হাজার ২৮২ জন নিহত এবং ৫ হাজার ৮৯১ জন আহত হয়েছেন। পরে হতাহতের সংখ্যা বেড়ে সর্বশেষ পরিসংখ্যানে পৌঁছায়।
২০১৪ সালে হুতি গোষ্ঠী রাজধানী সানা ও আরও কয়েকটি প্রদেশ দখল করে নেয়ার পর থেকে ইয়েমেনে সংঘাত চলছে। এর জেরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটিতে হস্তক্ষেপ করে।
বর্তমানে হুতিরা ইয়েমেনের উত্তর ও পশ্চিমাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে, সরকারপন্থি বাহিনী ও তাদের মিত্রদের নিয়ন্ত্রণে রয়েছে এডেন এবং দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলের বড় অংশ।
দৈনিক রূপালী চট্টগ্রাম