ইরান ইস্যুতে ‘শিগগিরই কিছু একটা ঘটবে’: ট্রাম্প

প্রধান অ্যাডমিন — 2026-10-22T05:44:00.000Z

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দুই দেশের চলমান সংঘাতের বিষয়ে শিগগিরই কোনো পরিণতি আসতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

স্থানীয় সময় বুধবার (২১ অক্টোবর) দক্ষিণ ক্যারোলাইনা থেকে ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, আমার মনে হয় না আমরা আলোচনা করছি। তবে একভাবে হোক বা অন্যভাবে, শিগগিরই কিছু একটা ঘটবে।’

এর আগে এক জনসভায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে এখনই ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে পারে। তবে তিনি এমন একটি পরিণতি চান, যার প্রভাব দীর্ঘস্থায়ী হবে। তাঁর দাবি, সামরিক ও অর্থনৈতিক-উভয় ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র ইরানকে পরাজিত করেছে। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলার পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। তবে এ ধরনের হামলার অনুমতি ট্রাম্প দেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, বাস্তবে থাকতে পারে বা নাও পারে-এমন সামরিক পরিকল্পনা নিয়ে প্রশাসন মন্তব্য করে না।

তথ্যসূত্র: আনাদোলু

দৈনিক রূপালী চট্টগ্রাম