সিনেমার প্রচারে কলকাতায় রণবীর, ভুল বলে সমালোচনায় অভিনেতা

প্রধান অ্যাডমিন — 2026-10-21T17:01:00.000Z

দশেরার অনুষ্ঠানে ভালো ও মন্দের লড়াই নিয়ে বক্তব্য দিতে গিয়ে কথার ভুল করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) ভারতের কলকাতায় ‘রামায়ণ’ সিনেমার প্রচার ও দশেরা উদযাপনের একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে তার সঙ্গে ছিলেন ছবির আরেক অভিনেতা যশ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে রণবীরের বক্তব্যের একটি অংশ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

কলকাতার সল্টলেকের ওই অনুষ্ঠানে হিন্দিতে বক্তব্য শুরু করেন রণবীর। শুরুতেই বলেন, ‘জয় শ্রী রাম’। এরপর উপস্থিত সবাইকে দশেরার শুভেচ্ছা জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বক্তব্যের একপর্যায়ে রণবীর বলেন, ‘দশেরা আমাদের সুন্দর একটি কথা মনে করিয়ে দেয়। অশুভ যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত ভালোত্ব ও সততাই পরাজিত হয়।’ অথচ তিনি বোঝাতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত অশুভ শক্তির ওপর শুভশক্তির জয় হয়।

রণবীরের এই কথার পর মঞ্চে উপস্থিত ব্যক্তিদের মধ্যে কিছুটা অস্বস্তি দেখা যায়। তাদের কয়েকজন একে অন্যের দিকে তাকান এবং হাততালি দেন। পরে রণবীর ভালোবাসা ও আনন্দ ছড়িয়ে দেয়া এবং সঠিক পথে চলার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন। তাঁর এই অনিচ্ছাকৃত ভুল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনুষ্ঠানে আরেকটি ঘোষণা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্যে ‘রামায়ণ’ সিনেমাটিকে করমুক্ত করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে শ্রীকৃষ্ণ, অর্জুন ও মহাভারতকে কেন্দ্র করে সিনেমা নির্মাণের সম্ভাবনার কথাও বলেন তিনি।

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতা চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় রয়েছেন যশ। সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পাওয়ার কথা আগামী ৫ নভেম্বর, দীপাবলি উপলক্ষে। দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৭ সালে।

দৈনিক রূপালী চট্টগ্রাম