কানের দুল ও সম্পদের লোভে বোনকে হ'ত্যা, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫

প্রধান অ্যাডমিন — 2026-10-21T12:04:00.000Z

নওগাঁর ধামইরহাটে সোনার দুল ও সম্পদের লোভ এবং মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে হালিমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগে তাঁর ছোট ভাই ও ভাবিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন রবিউল ইসলাম, হামিদুর রহমান ও মোশারফ হোসেন। পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর ধামইরহাটের ছিলিমপুর গ্রামের একটি ধানখেতের আইলে হালিমার মরদেহ পাওয়া যায়। তাঁর এক কানের লতি কাটা এবং অন্যটি ছেঁড়া ছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হালিমার জমানো টাকা, গবাদিপশু ও সোনার দুলের প্রতি লোভ এবং মাদক বিক্রিতে বাধা দেওয়াসহ বিভিন্ন বিরোধ থেকে হত্যার পরিকল্পনা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন। তাঁকে শ্বাসরোধে হত্যার পর কানের দুল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ব্যবহৃত রশি ও ওড়না জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক রূপালী চট্টগ্রাম