ব্যালন ডি’অর নিয়ে বায়ার্নের রহস্যময় পোস্ট, আলোচনা তুঙ্গে
প্রধান অ্যাডমিন — 2026-10-21T07:43:00.000Z
আসন্ন ব্যালন ডি’অর অনুষ্ঠানকে কেন্দ্র করে ফুটবল বিশ্বে উত্তাপ বাড়াচ্ছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবটির করা একটি রহস্যময় পোস্ট ঘিরে শুরু হয়েছে তুমুল জল্পনা-কল্পনা। ফুটবল ভক্তদের একাংশের মনে প্রশ্ন—তাহলে কি ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারটি জিততে চলেছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন?আগামী ২৬ অক্টোবর লন্ডনের বিখ্যাত প্যালাডিয়াম থিয়েটারে বসতে যাচ্ছে ২০২৬ সালের ব্যালন ডি’অর আসর। ঠিক তার আগেই বায়ার্ন মিউনিখ তাদের অফিশিয়াল সোশ্যাল হ্যান্ডেলে কালো স্যুট পরা হ্যারি কেইনের একটি ছবি পোস্ট করে লেখে— ‘ইটস অলমোস্ট শোটাইম’ (অর্থাৎ, মঞ্চে ওঠার সময় প্রায় এসে গেছে)। পুরস্কার বিতরণের এমন ঠিক আগমুহূর্তে ক্লাবের এমন ইঙ্গিতপূর্ণ বার্তা ফুটবলপ্রেমীদের কৌতূহল বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
গত মৌসুমে বায়ার্নের হয়ে মাঠে রীতিমতো ঝড় তুলেছিলেন হ্যারি কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে করেছেন ৬১টি গোল। তার দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করেই বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপা জিতেছে বায়ার্ন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত তার মোট গোলসংখ্যা ৭৩টি*।
হ্যারি কেইন যদি সত্যিই এবার ব্যালন ডি’অর জয় করেন, তবে দীর্ঘ ২৫ বছর পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই সম্মান অর্জন করবেন তিনি। এর আগে ২০০১ সালে সর্বশেষ ইংলিশ খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতেছিলেন লিভারপুলের কিংবদন্তি মাইকেল ওয়েন।
বায়ার্নের এই রহস্যময় পোস্ট এবং কেইনের অবিশ্বাস্য গোল উৎসবের পর এখন সবার নজর ২৬ অক্টোবরের সেই কাঙ্ক্ষিত রাতের দিকে। সত্যিই কি ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছেন হ্যারি কেইন? উত্তর মিলবে লন্ডনের জমকালো মঞ্চেই।
দৈনিক রূপালী চট্টগ্রাম