দক্ষিণ কোরিয়ার চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরিতে প্রস্তুত বাংলাদেশ

প্রধান অ্যাডমিন — 2026-10-21T07:24:00.000Z

দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ, যোগ্য ও প্রশিক্ষিত জনশক্তি তৈরিতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

মঙ্গলবার (২০ অক্টোবর) সিউলে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যাসোসিয়েশন অব কোরিয়া (এনইএসএ) এবং কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন অব কোরিয়ার (সিএকে) প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে দক্ষিণ কোরিয়ার এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি মৌসুমি কর্মসংস্থান, কারিগরি দক্ষতা উন্নয়ন, কোরীয় ভাষা শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণে দুই দেশের যৌথ সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

বৈঠকে বিদেশগামী কর্মীদের কোরীয় ভাষায় ব্যবহারিক দক্ষতা ও কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ার কর্মপরিবেশের সঙ্গে বাংলাদেশি কর্মীদের দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক রূপালী চট্টগ্রাম