প্রথমবার মা হলেন অভিনেত্রী নাফিজা, মেয়েকে নিয়ে কী লিখলেন লাক্স তারকা?

প্রধান অ্যাডমিন — 2026-10-21T07:21:00.000Z

মা হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক লাক্স সুন্দরী নাফিজা জাহান। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সুখবরটি নিশ্চিত করেছেন নাফিজা ও তার স্বামী রাজীব হাসান। তবে সন্তান জন্মের নির্দিষ্ট তারিখ জানাননি তারা।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন নাফিজা; সেখানেই এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। মা হওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করে নাফিজা ফেসবুকে সদ্যোজাত মেয়ের হাতের একটি ছবি প্রকাশ করেন। মেয়েকে নিয়ে আবেগঘন বার্তা দিয়ে এই অভিনেত্রী লেখেন, কন্যাসন্তান তাঁর জীবনের ‘পরম আশীর্বাদ, মধুর অলৌকিক ঘটনা এবং চিরন্তন ভালোবাসা।’ তার পোস্টের পর শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।

এদিকে নাফিজার স্বামী রাজীব হাসানও ফেসবুকে হাসপাতালের বিছানায় নবজাতককে নিয়ে শুয়ে থাকা স্ত্রীর একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে লেখেন, ‘দীর্ঘ অপেক্ষার পর, আল্লাহ আমাদের ঘরে এক ফুটফুটে কন্যাসন্তান দান করেছেন। এই অমূল্য নিয়ামতের জন্য আমরা মহান আল্লাহর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের শিশুকন্যা ও তার মায়ের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন তাদের উভয়কে সুস্বাস্থ্য, সুখ এবং একটি দীর্ঘ ও সুন্দর জীবন দান করেন।’

এর আগে গত সেপ্টেম্বর মাসে নাফিজার মা হতে যাওয়ার খবরটি প্রকাশ্যে এসেছিল। নিউইয়র্কে আয়োজিত তার বেবি শাওয়ারের অনুষ্ঠানে পরিবারের পাশাপাশি উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশের বিনোদন জগতের বেশ কয়েকজন তারকা—মডেল মোনালিসা, অভিনেত্রী নোভা ফিরোজ ও চিত্রনায়ক কাজী মারুফ।

২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গণে পা রাখেন নাফিজা জাহান। জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘৪২০’-এ অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। পরবর্তীতে ‘গ্র্যাজুয়েট’, ‘ইডিয়টস’ ও ‘আমাদের গল্প’-এর মতো হিট নাটকে অভিনয় করে নিজের নাম কুড়ান। 

২০১৩ সালে অভিনয়ের সুবর্ণ সময়েই দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। ২০১৫ সালে এক প্রবাসীর সঙ্গে যুক্তরাষ্ট্রে সংসার শুরু করলেও সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। পরবর্তীতে ২০২১ সালের নভেম্বরে নিউইয়র্কে রাজীব হাসানকে বিয়ে করেন। এবার কন্যাসন্তানের আগমনে এই দম্পতির সংসারে শুরু হলো এক নতুন আনন্দের অধ্যায়।

দৈনিক রূপালী চট্টগ্রাম