সীতাকুণ্ডে শত্রুতার জেরে আমবাগানের ২০টি গাছ কাটার অভিযোগ!
প্রধান অ্যাডমিন — 2026-10-21T06:48:00.000Z

চট্টগ্রামের সীতাকুণ্ডে শত্রুতার জেরে একটি ফলজ বাগানের ১৫ থেকে ২০টি আমগাছসহ বিভিন্ন প্রজাতির ফলের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
থানায় করা সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, উপজেলার ৯ নম্বর ভাটিয়ারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামে বিএম স্কুলের পশ্চিম পাশে নুরুল আবছারের বাড়ির সংলগ্ন একটি বারোমাসি আমবাগানে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে প্রায় ১৫ থেকে ২০টি আমগাছ কেটে ফেলে। এ ছাড়া বাগানের অন্যান্য ফলজ গাছও কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। কেটে ফেলা প্রতিটি আমগাছে মুকুল ছিল।
ভুক্তভোগী নুরুল আবছার জানান, মঙ্গলবার সকালে বাগানে গিয়ে আমগাছসহ অন্যান্য ফলজ গাছ কাটা অবস্থায় দেখতে পান। এতে তাঁর বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
দৈনিক রূপালী চট্টগ্রাম