বাংলাদেশে প্রতি দুই নারীর একজনের বিয়ে ১৮ বছরের আগেই: ইউনিসেফ

প্রধান অ্যাডমিন — 2026-10-21T05:22:00.000Z

বাংলাদেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের প্রায় অর্ধেকের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০২৫-এর তথ্য উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ।

মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এই বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বাল্যবিবাহ হয়েছে। অল্প বয়সে বিয়ের কারণে মেয়েদের পড়াশোনা ব্যাহত হয়, অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি বাড়ে এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ে।

বাংলাদেশ সফরে এসে বাল্যবিবাহ বন্ধ, মেয়েদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা এবং শিশুদের জন্য বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল।

তিনি শিক্ষা ও স্বাস্থ্য খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ বিনিয়োগের সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।

রাসেল বলেন, শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও সুরক্ষায় বিনিয়োগ বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। বাল্যবিবাহ প্রতিরোধ এবং মেয়েদের বিদ্যালয়ে ধরে রাখতে প্রয়োজনীয় সেবা ও সুরক্ষা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

দৈনিক রূপালী চট্টগ্রাম