চিনে রাখুন আসল ডিবি ওসি কে

প্রধান অ্যাডমিন — 2026-10-20T12:50:00.000Z


ছবিতে থাকা আসল ডিবি ওসি মোত্তালিব সরকার হলেও তার নাম ভাঙ্গিয়ে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ, মাদক ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। 
এ ঘটনায় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১০ থেকে ১৫ জনের একটি চক্র দলবদ্ধভাবে বিভিন্ন এলাকায় অভিযান চালানোর কথা বলে মানুষের বাড়িতে যাচ্ছে। চক্রটির সদস্যদের মধ্যে কেউ কেউ ডিবি ওসির পরিচয় দিয়ে মামলা দেওয়া, গ্রেপ্তার কিংবা কারাগারে পাঠানোর ভয় দেখিয়ে অর্থ আদায় করছে বলে অভিযোগ রয়েছে। মাদকসেবী, মাদক বিক্রেতা, হ্যাকার, ক্যাসিনো এজেন্ট এবং আওয়ামী লীগ-সমর্থক হিসেবে পরিচিত বিভিন্ন ব্যক্তির বাড়িতে গিয়ে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগও পাওয়া গেছে।

বিশেষ করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ও দরবস্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় চক্রটির আনাগোনা বেশি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রাতের আঁধারে নির্দিষ্ট কিছু বাড়িতে গিয়ে ডিবি পরিচয়ে ডাকাডাকি ও অর্থ দাবি করার অভিযোগও রয়েছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা জেলা ডিবির ওসি মো. আব্দুল মোত্তালিব সরকারের সঙ্গে কথা বললে তিনি জানান, কথিত চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ডিবি পুলিশ এবং থানা পুলিশ প্রস্তুতি নিয়েছে। চক্রটির মূল হোতাসহ সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, সাধারণ জনগণের সহযোগিতা পেলে এ চক্রকে দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। কেউ ডিবি পুলিশ বা থানা পুলিশের পরিচয় দিয়ে বাড়িতে গেলে কিংবা কোনো ধরনের অভিযান পরিচালনা করলে সংশ্লিষ্ট কর্মকর্তার পরিচয় ও অভিযানের সত্যতা নিশ্চিত হওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

পুলিশের পরিচয় যাচাইয়ে গুরুত্বপূর্ণ নম্বর:

📞 ডিবি ওসি, গাইবান্ধা: 01320-132558

📞 ওসি, গোবিন্দগঞ্জ থানা: 01320-132480

📞 ডিউটি অফিসার, গোবিন্দগঞ্জ থানা: 01320-132485

দৈনিক রূপালী চট্টগ্রাম