শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী, দিলেন খেলার সামগ্রী উপহার

প্রধান অ্যাডমিন — 2026-10-20T11:57:00.000Z

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি তাদের হাতে ফুটবল ও ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন ধরনের খেলার সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে কলেজের সামনে গাড়িবহর থামালে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান শিক্ষক-শিক্ষার্থীরা।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরের উদ্দেশে যাত্রা করার সময় কলেজের সামনে শিক্ষার্থীরা দাঁড়িয়ে ছিলেন। শিক্ষার্থীদের দেখতে পেয়ে প্রধানমন্ত্রী তার গাড়িবহর থামানোর নির্দেশ দেন। পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং তাদের খেলার সামগ্রী উপহার দেন। উপহার হিসেবে ফুটবল ও ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন ধরনের খেলাধুলার সরঞ্জাম দেয়া হয়।

এর আগে সকালে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ১৫ মিনিটে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে বুলেটপ্রুফ বাসে করে রংপুরের উদ্দেশে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সড়কের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নেন। তাকে স্বাগত জানাতে স্থানীয় বাসিন্দারাও সড়কের দুই পাশে জড়ো হন। প্রধানমন্ত্রীর গাড়িবহর সেসব স্থান অতিক্রম করার সময় উপস্থিত জনতা হাত নেড়ে শুভেচ্ছা জানান।

সফরসূচি অনুযায়ী, রংপুরে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহ্যবাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে তিনি সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। সেখান থেকে রাজশাহীতে গিয়ে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে তার।

এরপর প্রধানমন্ত্রী বেলা সোয়া ২টায় রাজশাহী সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন। দুপুর ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।

রাজশাহীর কর্মসূচি শেষে বিকেলে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দৈনিক রূপালী চট্টগ্রাম