নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে বাসের ধাক্কা, সুপারভাইজারসহ নিহত ২

প্রধান অ্যাডমিন — 2026-10-19T18:18:00.000Z

টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসের সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।

সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে ছেড়ে আসা যমুনা এন্টারপ্রাইজের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে পৌলি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালে ধাক্কা দেয়। এতে বাসের সামনে থাকা সুপারভাইজার ও অজ্ঞাতপরিচয় এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন অন্তত তিনজন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক রূপালী চট্টগ্রাম