নারী আইপিএল নিলামে নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার
প্রধান অ্যাডমিন — 2026-10-19T16:53:00.000Z
সবশেষ নারী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে ছিলেন মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান। তবে আসন্ন আসরের নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পাননি বাংলাদেশের কোনো নারী ক্রিকেটার। আগামী ২৮ অক্টোবর কোচিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই নিলামে সবমিলিয়ে ১৪৬ জন ক্রিকেটার সুযোগ পেলেও বাংলাদেশের কাউকে রাখা হয়নি। তবে বাংলাদেশের ক্রিকেটারদের পক্ষ থেকে নিবন্ধন করা হয়েছিল কি না কিংবা তাদের কেন সুযোগ দেওয়া হয়নি, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক বৈরিতা দুই দেশের ক্রীড়াঙ্গনেও প্রভাব ফেলেছে। ছেলেদের আইপিএলের গত মৌসুমে ওপার বাংলার ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে মোস্তাফিজুর রহমানের খেলার কথা ছিল। তবে রাজনৈতিক উত্তেজনার জেরে টুর্নামেন্ট শুরুর আগেই তাকে ছেড়ে দেয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এমনকি সেই উত্তেজনার রেশ ধরে ভারত সফরে গিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেয়নি বাংলাদেশ। তাছাড়া গত আগস্ট-সেপ্টেম্বরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে ভারতের বাংলাদেশ সফর করার কথা থাকলেও সরকারের অনুমতি না পাওয়ায় বিসিসিআই সেই সফর স্থগিত করে।
দুই দেশের সম্পর্ক যে এখনো উন্নতি হয়নি সেটা বলার অপেক্ষা রাখেনি। ধারণা করা হচ্ছে, সেই ভাবনা থেকেই বাংলাদেশের কাউকে আইপিএল নিলামে রাখেনি ভারত। যদিও সেটার আনুষ্ঠানিক কোনো খবর নেই। বিসিবি কিংবা বিসিসিআইয়ের পক্ষ থেকেও এমন কিছু জানানো হয়নি। গত কয়েক মৌসুমের নিলামে বাংলাদেশের ক্রিকেটাররা ছিলেন। এবার তাদের কেউ না থাকায় এমন গুঞ্জন ডালপালা মেলছে।
উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর কোচির নিলামে মোট ২৭টি খালি জায়গার জন্য ১৪৬ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন, যার মধ্যে ১১৯ জন ভারতীয় এবং ২৭ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। উল্লেখ্য যে, এর আগে আইপিএলের কোনো আসরেই বাংলাদেশের কোনো নারী ক্রিকেটার খেলার সুযোগ পাননি।
দৈনিক রূপালী চট্টগ্রাম