চট্টগ্রামে মাদক কারবারিদের কৌশল: রাজনৈতিক নেতাদের সঙ্গে ছবি তুলে প্রভাব বিস্তারের বহু অভিযোগ

প্রধান অ্যাডমিন — 2026-10-19T07:56:00.000Z


চট্টগ্রাম মহানগরীতে মাদক কারবারিদের বিরুদ্ধে নানা অভিযোগের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে রাজনৈতিক নেতাদের সঙ্গে ছবি তোলার কৌশল। অভিযোগ রয়েছে, যে দলই ক্ষমতায় আসুক, সেই দলের এমপি-মন্ত্রী ও প্রভাবশালী নেতাকর্মীদের সঙ্গে বিভিন্নভাবে ছবি তুলে নিজেদের রাজনৈতিক পরিচয় ও প্রভাব জাহির করার চেষ্টা করেন মাদক কারবারিরা। সুযোগ পেলেই রাজনৈতিক নেতাদের সঙ্গে ছবি তুলে তা নিজেদের ফেসবুক আইডিতে প্রকাশ করেন তারা। এসব ছবি ব্যবহার করে নিজেদের ক্ষমতাসীন দলের অনুসারী কিংবা প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করেন । এতে একদিকে মাদক কারবার চালিয়ে যাওয়া, অন্যদিকে রাজনৈতিক প্রভাব দেখিয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি ও প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয় বলে মনে করছেন সচেতন মহল। নগরবাসীর প্রশ্ন-রাজনৈতিক পরিচয় ও প্রভাবের আড়ালে যদি মাদক কারবারিরা নিজেদের কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ পায়, তাহলে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে কতটা? মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তাদের অভিযোগ, নগরীর বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ আরও জোরদার করা প্রয়োজন। সচেতন মহলের দাবি, রাজনৈতিক নেতাদের সঙ্গে কারও ছবি থাকলেই তাকে অপরাধী বলা যাবে না; তবে সেই পরিচয় যেন কোনোভাবেই মাদক কারবারের ঢাল হিসেবে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে মাদক কারবারিদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ, নিয়মিত অভিযান এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিত করা জরুরি। মাদকমুক্ত চট্টগ্রাম গড়তে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধ পরিচালনার অভিযোগ থাকলে তার যথাযথ তদন্ত হোক-এমনটাই প্রত্যাশা নগরবাসীর।

দৈনিক রূপালী চট্টগ্রাম