নরসিংদীতে ৭২ লিটার চোলাই মদ জব্দ, ৪ জনের কারাদণ্ড।
প্রধান অ্যাডমিন — 2026-10-18T17:39:00.000Z
নরসিংদীতে চোলাই মদ সংরক্ষণ, বিক্রি ও সেবনের অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয়েছে ৭২ লিটার চোলাই মদ, যা পরে ধ্বংস করা হয়।রোববার (১৮ অক্টোবর) হাজীপুর আনসার ক্যাম্প-সংলগ্ন এলাকায় দুটি অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে চারটি মামলায় চারজনকে অভিযুক্ত করা হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অন্য তিনজনকে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(২৫) ধারায় এসব দণ্ড দেওয়া হয়।
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল ও মো. মাসুদ রানা অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদীর উপপরিদর্শক মো. সানাউল্লাহ মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
দৈনিক রূপালী চট্টগ্রাম