মাদকবিরোধী সংগ্রামের ষোলকলা পূর্ণ করা হবে: ইশরাক হোসেন

প্রধান অ্যাডমিন — 2026-10-18T15:00:00.000Z

মাদক কারবারি ও নির্দিষ্ট কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে মাদকের আখড়া গুঁড়িয়ে দিয়ে 'মাদকবিরোধী সংগ্রামের ১৬ কলা পূর্ণ' করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী লেখেন, দেশের কিছু নামকরা গণমাধ্যমের শীর্ষ আইনজীবী প্যানেল থেকে আইনের বিভিন্ন ধারা স্পষ্ট করে ব্যাখ্যা নেয়ার পূর্ণ সামর্থ্য রয়েছে এবং তারা নিয়মিত সেই চর্চাও করে থাকে। তবে সব জানা ও বোঝার পরেও তাদের সংবাদের ধরণ দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, সংবাদ দেখে মনে হচ্ছে এরা নির্দিষ্ট কোনো স্থানের মাদকের এক্সক্লুসিভ সরবরাহকারী ছিল এবং তার সাম্প্রতিক অভিযানের পর বন্য পশুর মতো আচরণ করছে। সম্ভবত এই সমস্ত মাদকের আস্তানা থেকেই উক্ত পত্রিকাগুলোতে অর্থায়ন করা হয়।

প্রতিমন্ত্রী জানান, ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে তার কাছে বৈধ লাইসেন্সকৃত অস্ত্র রয়েছে। তবে এখন থেকে মাদকের এই আস্তানাগুলো লাঠি দিয়ে ধ্বংস করার কথা উল্লেখ করে তিনি বলেন, পুলিশ উপস্থিত থেকে তা পর্যবেক্ষণ করবে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আসামিদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে।

তিনি আরও বলেন, মাদকবিরোধী সংগ্রামের ষোলকলা পূর্ণ করা হবে ইনশাআল্লাহ।

দৈনিক রূপালী চট্টগ্রাম