চট্টগ্রামে জামালখানে কোচিং সেন্টার থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগ বাবার

প্রধান অ্যাডমিন — 2026-10-18T14:39:00.000Z


চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় কোচিং সেন্টারে পড়তে গিয়ে নিখোঁজ হয়েছে কদম মোবারক সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের বিপরীতে অবস্থিত একটি কোচিং সেন্টার থেকে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। নিখোঁজ ছাত্রীর বাড়ি কোতোয়ালী থানার রহমতগঞ্জের সিএনবি এলাকায়।

ছাত্রীর বাবা আব্বাস উদ্দীনের অভিযোগ, এক নারী নাকে স্প্রে করে তাঁর মেয়েকে নিয়ে যান। এ ঘটনায় ওই রাতেই কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। পরে আত্মীয়স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

আব্বাস উদ্দীন জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি মোবাইল নম্বর থেকে ফোন আসে। তখন মেয়ের সঙ্গে কথা হলে সে কান্নাজড়িত কণ্ঠে অপহরণ, মারধর ও একটি কক্ষে আটকে রাখার অভিযোগ জানায়। তাকে জোর করে খারাপ কাজে বাধ্য করা হচ্ছে বলেও দাবি করে সে। নম্বরটি রোববার ভোর পর্যন্ত চালু থাকলেও পরে বন্ধ পাওয়া যায়। মেয়েকে উদ্ধারে উদ্বিগ্ন পরিবার।

দৈনিক রূপালী চট্টগ্রাম