অভাবে পূজার আনন্দ ম্লান ২০০ রবিদাস পরিবারের

প্রধান অ্যাডমিন — 2026-10-18T12:37:00.000Z

কুড়িগ্রামের উলিপুরে দুর্গাপূজা এলেও আনন্দ নেই দুই শতাধিক দরিদ্র রবিদাস পরিবারের। আর্থিক সংকটে সন্তানদের জন্য নতুন পোশাক কিংবা উৎসবের বাড়তি খাবারের ব্যবস্থা করতে পারছেন না তাঁরা। অন্যান্য বছর সহায়তা পেলেও এবার সরকারি-বেসরকারি সহযোগিতা না পাওয়ায় হতাশ এসব পরিবার।
উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ৮০০ রবিদাস পরিবারের বসবাস। এর মধ্যে দুই শতাধিক পরিবার দারিদ্র্যসীমার নিচে রয়েছে। নিত্যদিনের সংসার খরচ মেটাতেই হিমশিম খেতে হয় তাদের।
রোববার (১৮ অক্টোবর) পৌরসভার তেঁতুলতলা এলাকার রবিদাস সম্প্রদায়ের বসতিতে গিয়ে দেখা যায়, দুর্গাপূজা ঘিরে পরিবারগুলোর মধ্যে উৎসবের আমেজ নেই। স্থানীয় বাসিন্দারা জানান, অর্থাভাবে নতুন পোশাক কেনা তো দূরের কথা, তিনবেলা খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে।
উপজেলা রবিদাস সম্প্রদায়ের সাধারণ সম্পাদক অনিল রবিদাস বলেন, অন্যান্য বছর চাল, কাপড়, ধুতি ও লুঙ্গি পেলেও এবার কোনো সহায়তা পাননি তাঁরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. আরিফ জানান, দরিদ্র পরিবারগুলোর খোঁজখবর নেওয়া হচ্ছে। তাঁদের সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

দৈনিক রূপালী চট্টগ্রাম