ঢাকায় যাত্রাবিরতিতে ফিফা সভাপতি, বাফুফের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক

প্রধান অ্যাডমিন — 2026-10-18T12:27:00.000Z

ভুটান সফরে যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও চার সহ-সভাপতি। ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের ফুটবলের বিভিন্ন বিষয় তুলে ধরেন বাফুফে কর্মকর্তারা। কক্সবাজারে ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার নির্মাণের বিষয়টিও জানানো হয় ইনফান্তিনোকে। প্রয়োজনে ফিফার আর্থিক সহায়তা বাড়ানোর বিষয়ে প্রাথমিক আশ্বাস দিয়েছেন তিনি। দুপুর ২টা ৫০ মিনিটে থিম্পুর উদ্দেশে ঢাকা ছাড়েন ফিফা সভাপতি। ভুটানে দুদিন অবস্থান শেষে ২০ তারিখ ফেরার পথে আবারও বাংলাদেশে যাত্রাবিরতির সম্ভাবনা রয়েছে। ২০১৭ সালে এক দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন ইনফান্তিনো। দীর্ঘ নয় বছর পর আবারও ঢাকায় এলেন তিনি। এদিকে, জাতীয় দল কমিটির গুরুত্বপূর্ণ সভার বিষয়েও গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাফুফে।

দৈনিক রূপালী চট্টগ্রাম