জ্যোতির জায়গায় নাহিদা

প্রধান অ্যাডমিন — 2026-10-18T12:23:00.000Z

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক করা হয়েছে নাহিদা আক্তারকে। নিগার সুলতানা জ্যোতি দায়িত্ব ছাড়ার পর তার ডেপুটি হিসেবে থাকা নাহিদাকেই বেছে নিয়েছে বোর্ড। নভেম্বরে উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে নেতৃত্বের অভিষেক হবে নাহিদার। জানা গেছে, তার ডেপুটি হিসেবে দায়িত্ব পাচ্ছেন সোবহানা মোস্তারি।


এশিয়ান গেমসের পর অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন জ্যোতি। টুর্নামেন্টের মাঝেই নিজের সিদ্ধান্ত বোর্ডকে জানান জ্যোতি। বোর্ডও তার পদত্যাগপত্র গ্রহণ করে। জ্যোতির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তটা একান্তই নিজের। ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও বেশি মনোযোগ দেয়ার লক্ষ্যেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার। 

২০২২ সালে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব গ্রহণ করেন নিগার সুলতানা। তার নেতৃত্বে দলের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওই আসরে স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ।

সেই বিশ্বকাপে ব্যাট ও গ্লাভস হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নিগার। চার ইনিংসে করেন ১০৪ রান এবং উইকেটের পেছনে দাঁড়িয়ে নেন সাতটি ডিসমিসাল। তবে এই সংস্করণে তার অধিনায়কত্বের সময়টা সবসময় মসৃণ ছিল না। ২০২৬ সালের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। কিন্তু ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হার, স্কটল্যান্ড-নেদারল্যান্ডসকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে মিশ্র ফল এবং বিশ্বকাপে পাঁচ ম্যাচে মাত্র দুটি জয়, সব মিলিয়ে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল।

এছাড়া সবশেষ এশিয়া কাপেও দল তেমন ভালো করতে পারেনি। গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কা ও সেমিফাইনালে ভারতের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। এশিয়ান গেমস ছিল তার শেষ অ্যাসাইনমেন্ট। এখন পর্যন্ত ৮২ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। যার ৩২টি দল জিতেছে। হেরেছে ৪৯টি। 

উইমেন্স ইমার্জিং নেশনস টি-টোয়েন্টি ট্রফি টুর্নামেন্ট দিয়ে নাহিদা ও সোবহানার নেতৃত্বের অভিষেক হবে। আগামী ১০ থেকে ২৬ নভেম্বর হবে টুর্নামেন্টটি। ১০টি দলের অংশগ্রহণে হবে খেলা। শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পিনজি ও ইউএইকে নিয়ে ‘এ’ গ্রুপ। বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে নিয়ে ‘বি’ গ্রুপ। 

টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল থাইল্যান্ডে। দেশটি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেন্যু সরিয়ে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই সপ্তাহে ভেন্যু চূড়ান্ত হবে বলে জানা গেছে।

টি-টোয়েন্টি ক্রিকেটে নাহিদা বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন। ২০১৫ সালে তার অভিষেকের পর এখন পর্যন্ত খেলেছেন ১১৩ ম্যাচ। তবে তার মতো সফল আর কেউ নন। বাংলাদেশের একমাত্র নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে একশর বেশি উইকেট পেয়েছেন। ১১৩ ম্যাচে তার শিকার ১৩২ উইকেট। দুইয়ে থাকা সালমা খাতুনের উইকেট ৮৪টি।

জ্যোতির ডেপুটি হিসেবে ২০২২ সাল থেকে কাজ করছেন। এবার তার কাঁধেই বাংলাদেশের দায়িত্ব।

দৈনিক রূপালী চট্টগ্রাম