প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী
প্রধান অ্যাডমিন — 2026-10-18T07:16:00.000Z
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ ১৭ বছর প্রবাসে থেকেও দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান।রোববার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে তিনি এ কথা বলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রিজভী।
তিনি বলেন, তারেক রহমানের নির্দেশনায় করোনা মহামারি, অতিবৃষ্টি, বন্যা ও শীতসহ বিভিন্ন দুর্যোগে মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এ ছাড়া বিজ্ঞান ও শিক্ষায় তরুণদের উদ্বুদ্ধ করা, বৃক্ষরোপণ, চিকিৎসাসেবা এবং কৃত্রিম পা সংযোজনের মতো কার্যক্রম পরিচালনা করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
অনুষ্ঠানে সংগঠনটির নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার, ড. মোর্শেদ হাসান খানসহ বিভিন্ন পেশার জ্যেষ্ঠ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দৈনিক রূপালী চট্টগ্রাম