হরমুজ প্রণালীতে ২০ লাখ ব্যারেল জ্বালানিবাহী ট্যাঙ্কারে মা'ইনের আ'ঘাত

প্রধান অ্যাডমিন — 2026-10-18T04:19:00.000Z

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌ-মাইনের আঘাতে দুটি তেল ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসি-র নৌবাহিনীর বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ট্যাঙ্কার দুটির প্রতিটি প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল পরিবহন করছিল। ইরান সরকারের দাবি, জাহাজ দুটি তাদের অবস্থান ও রাডার ট্র্যাকিং সিস্টেম সম্পূর্ণ বন্ধ করে দিয়ে হরমুজ প্রণালীর একটি ‘অননুমোদিত ও নিষিদ্ধ রুট’ ব্যবহার করে পার হওয়ার চেষ্টা করছিল।
প্রথম ট্যাঙ্কারটি মাইনে আঘাত হানার পর সেটির ইঞ্জিন রুমে তীব্র বিস্ফোরণ ঘটে এবং পুরো জাহাজটিতে আগুন ধরে যায়। এর কিছু সময় পর একই নিষিদ্ধ পথে যাওয়ার সময় দ্বিতীয় আরেকটি সুপারট্যাঙ্কারও মাইনের কবলে পড়ে পুরোপুরি অচল হয়ে পড়ে। আইআরজিসি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ওপর দায় চাপিয়ে বলেছে, আমেরিকার প্ররোচনা ও সহায়তায় ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে এই বিপজ্জনক মাইনফিল্ডে প্রবেশ করায় জাহাজগুলোকে এই পরিণতি ভোগ করতে হয়েছে। তবে আন্তর্জাতিক কোস্টগার্ড বা স্বাধীন কোনো সূত্র থেকে এখন পর্যন্ত ট্যাঙ্কার দুটির সঠিক পরিচয়, নাবিকদের ক্ষয়ক্ষতি বা পতাকার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এই ঘটনার পর ইরান কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, নিয়ম অমান্য করে ট্র্যাকিং বন্ধ রাখা যেকোনো বাণিজ্যিক জাহাজকে এখন থেকে ‘শত্রুভাবাপন্ন লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে।

দৈনিক রূপালী চট্টগ্রাম