পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা

প্রধান অ্যাডমিন — 2026-10-18T02:03:00.000Z

অধিকৃত পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিক ও ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারীরা। এসময় ফরাসি এক মেয়রও আহত হয়েছেন।

 

শনিবার (১৭ অক্টোবর) অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রাম তাইবেহর কাছে হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহ পরিদর্শন করতে যাওয়া একটি প্রতিনিধিদলের ওপর চড়াও হন ইসরাইলি হামলাকারীরা।

 

এর এক দিন আগে রামাল্লার উত্তরে এক মার্কিন সাংবাদিকের ওপর হামলা চালিয়েছিল ইসরাাইলি বসতি স্থাপনকারীরা।

 

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো বলেছেন, হামলায় আক্রান্তদের মধ্যে ফিলিস্তিনি অঞ্চলে নিযুক্ত বেলজিয়ামের কনসাল জেনারেল, ফ্রান্স ও পোল্যান্ডের কূটনীতিক এবং ক্যাথলিক প্রতিনিধিরা ছিলেন। এতে বেলজিয়ামের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে প্রেভো বলেন, ‘দখলদার শক্তি হিসেবে ইসরাইলি কর্তৃপক্ষের দায়িত্ব হলো ফিলিস্তিনিদের সুরক্ষা দেয়া, কূটনীতিক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা। সহিংস বসতি স্থাপনকারীদের দায়মুক্তি অবশ্যই বন্ধ হতে হবে।’

 

হামলার শিকার ফরাসি মেয়র বার্নার্ড বোডক্স বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এই হামলা থেকে বোঝা যায় যে, বসতি স্থাপনকারীদের সহিংসতার ঘটনায় ইসরাইলি সরকারের এক ধরনের সম্মতি রয়েছে।

 

তবে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার এই হামলার নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে হামলাকারীদের ইসরাইলি দাঙ্গাবাজ’ হিসেবে অভিহিত করেছেন। 

 

তিনি দাবি করেছেন সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় ছাড়াই ওই গ্রামে যান ইউরোপীয় কর্মকর্তারা। এরপরও হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার কথা বলেছে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

দৈনিক রূপালী চট্টগ্রাম