দিয়াজের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব
প্রধান অ্যাডমিন — 2026-10-18T01:48:00.000Z
বায়ার্ন মিউনিখের সেরা ছন্দে ফেরার ইঙ্গিত মিলল লাইপজিগের বিপক্ষে। লুইস দিয়াজের হ্যাটট্রিক ও হ্যারি কেইনের গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। শনিবার (১৭ অক্টোবর) ঘরের মাঠে বুন্দেসলিগার ম্যাচে লাইপজিগকে ৬-১ গোলে হারিয়েছে ভিনসেন্ট কম্পানির দল।ম্যাচের আগে বায়ার্ন কোচ বলেছিলেন, তার দল সেরা ফর্মের খুব কাছাকাছি। মাঠের পারফরম্যান্সে সেই কথারই প্রমাণ দিলেন খেলোয়াড়েরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচে ড্রয়ের পর জয়ে ফিরল বায়ার্ন।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকেরা। ১২তম মিনিটে দিয়াজের গোলে এগিয়ে যায় বায়ার্ন। এরপর আলেকসান্দার পাভলোভিচ ও মাইকেল ওলিসে প্রথমার্ধেই ব্যবধান ৩-০ করেন।
বিরতির পরও আক্রমণের ধার কমেনি বায়ার্নের। দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র ৯৫ সেকেন্ডের মধ্যে নিজের দ্বিতীয় গোল করেন দিয়াজ। ৫২তম মিনিটে জালের দেখা পান কেইন। বুন্দেসলিগায় নিজের শততম ম্যাচে এটি ছিল ইংলিশ স্ট্রাইকারের ১০২তম গোল।
৬৯তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন কলম্বিয়ান উইঙ্গার দিয়াজ। যোগ করা সময়ে লাইপজিগ একটি গোল শোধ দিলেও বড় হার এড়াতে পারেনি।
ছয় ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠেছে বায়ার্ন। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বরুশিয়া ডর্টমুন্ড। ৯ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে লাইপজিগ।
দৈনিক রূপালী চট্টগ্রাম