টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ইরফান সাজ্জাদের
প্রধান অ্যাডমিন — 2026-10-17T16:16:00.000Z
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটুয়ারটেক সৈকত সংলগ্ন ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ১০ জনের করুণ মৃত্যু হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় মর্মান্তিক প্রাণহানির পাশাপাশি রিসোর্টটির ফায়ার লাইসেন্স ও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে রিসোর্টটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। মর্মান্তিক এই দুর্ঘটনায় আরও অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার পর জানা যায়, রিসোর্টটির ফায়ার সার্ভিস বা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) কোনো অনুমোদনই ছিল না। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পূর্বে সতর্ক করা সত্ত্বেও কোনো সুরক্ষাব্যবস্থা ছাড়াই এটি পরিচালনা করা হচ্ছিল।
নিরাপত্তাব্যবস্থা ছাড়াই এমন রিসোর্ট পরিচালনা নিয়ে নিজের ফেসবুকে তীব্র অসন্তোষ প্রকাশ করে অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘মন চাইল বানিয়ে ফেললাম একটা রিসোর্ট! শুরু করলাম ব্যবসা! আর যাদের জন্যই ব্যবসা তাদের জীবনের নিরাপত্তার কথা ভাবার দরকারই বা কি!! টাকা তো আসতেছেই! শিশুসহ এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানি! ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকা এসব নামসর্বস্ব রিসোর্টগুলো কিভাবে ব্যবসা করে যায়! বাচ্চাকে খুঁজে বেড়ানো ওই মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না।’
এদিকে ঘটনার পরপরই রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, আটক ম্যানেজারকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
দৈনিক রূপালী চট্টগ্রাম