পূজার কেনাকাটা নিয়ে বাড়ি ফেরা হলো না কনস্টেবল হিটলার বিশ্বাসের

প্রধান অ্যাডমিন — 2026-10-17T16:00:00.000Z

পূজার ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছিলেন পুলিশ কনস্টেবল হিটলার বিশ্বাস। সন্তানদের জন্য কিনেছিলেন নতুন পোশাক, ছেলের চুল কাটার ব্যবস্থাও করেছিলেন। কিন্তু বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। এতে গোপালগঞ্জের পরিবারটিতে পূজার আনন্দ পরিণত হয়েছে শোকে।

গত শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদিয়া এলাকায় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বাসের ধাক্কায় গুরুতর আ'হ'ত হন হিটলার বিশ্বাস। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃ'ত ঘোষণা করেন।

হিটলার বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের বড় ডোমরাসুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তাঁর ১১ বছরের ছেলে তোজো ও দুই বছরের মেয়ে পাখি রয়েছে। পরিবারের অধিকাংশ খরচ বহন করতেন তিনি।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাবার সঙ্গে পূজামণ্ডপে ঘোরা ও খেলাধুলার অপেক্ষায় থাকা তোজো এবং ছোট্ট পাখির জন্য এবারের পূজা এসেছে গভীর শূন্যতা নিয়ে।

দৈনিক রূপালী চট্টগ্রাম