রামগতিতে ছাত্রদল নেতার সিন্ডিকেটে মা ইলিশ শিকারের অভিযোগ
প্রধান অ্যাডমিন — 2026-10-17T14:59:00.000Z
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে একাধিক চক্রের নিয়ন্ত্রণে রাতে নৌকা নিয়ে ইলিশ ধরা হচ্ছে। এসব মাছ কিনতে বিভিন্ন মাছঘাটে অপেক্ষা করছেন ব্যবসায়ীরা।গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রামগতি বাজার মাছঘাটের মান্তাপাড়া এলাকায় মাছ কেনার জন্য ব্যবসায়ীদের অপেক্ষা করতে দেখা যায়। স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের অভিযোগ, ছাত্রদলের সাবেক নেতা মো. জাহাঙ্গীর আলম, বিএনপির কর্মী ডলার নোমান ও হালিম মাঝির নিয়ন্ত্রণে কয়েকটি নৌকা পরিচালিত হচ্ছে। কমলনগরের মতিরহাটেও যুবদল নেতাদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছে।
অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর আলম বলেন, তিনি এ কাজের সঙ্গে জড়িত নন। রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, অভিযুক্তদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং কিছু জাল ও নৌকা আটক করা হয়েছে।
সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী, ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নির্ধারিত এলাকায় ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ।
দৈনিক রূপালী চট্টগ্রাম