আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি পেল এনপিএল

প্রধান অ্যাডমিন — 2026-10-17T12:25:00.000Z

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি আসর হিসেবে অনুমোদন পেয়েছে নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল)। শুক্রবার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।

এই অনুমোদনের ফলে টুর্নামেন্টটির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির পাশাপাশি বিশ্বজুড়ে তারকা ক্রিকেটারদের অংশগ্রহণের পথ আরও সুগম হলো। বিজ্ঞপ্তিতে সিএএন জানিয়েছে, ‘আইসিসির আনুষ্ঠানিক অনুমোদন নেপালের ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন, সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি বাড়াতে উল্লেখযোগ্য অবদান রাখবে।’ এনপিএলকে আরও বড় পরিসরে নিয়ে যেতে আইসিসির এই সহায়তা ও অংশীদারত্বের জন্য সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে তারা।

এনপিএলের এবারের অর্থাৎ তৃতীয় আসরে অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টুর্নামেন্টে তিনি পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে মাঠে নামবেন। আন্তর্জাতিক ও দেশের ঘরোয়া ক্রিকেটে গেল দুই বছর ধরে অনিয়মিত হলেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি।

উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হয়ে ২১ নভেম্বর ফাইনালে ট্রফি নির্ধারণের মধ্য দিয়ে পর্দা নামবে ৮ দলের এই জমজমাট টুর্নামেন্টের। ২০২৪ সালে আয়োজিত প্রথম আসরে জনকপুর বোল্টস এবং ২০২৫ সালের দ্বিতীয় আসরে লুম্বিনি লায়নস এনপিএলের শিরোপা ঘরে তুলেছিল।
 
দৈনিক রূপালী চট্টগ্রাম