এডেন বিমানবন্দরে হা'ম'লা, যাত্রীবাহী বিমানের ৫০০ মিটারের মধ্যে ক্ষে'পণা'স্ত্র
প্রধান অ্যাডমিন — 2026-10-17T08:12:00.000Z
ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের চালানো এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় একটি যাত্রীবাহী বিমান অল্পের জন্য বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে। বিমানটি যখন ১৫১ জন যাত্রী নিয়ে মিশরের কায়রোর উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই সেটির মাত্র ৫০০ মিটার দূরে হুতিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এসে আঘাত হানে। হামলার তীব্রতায় পুরো বিমানবন্দর এলাকা কেঁপে উঠলেও অলৌকিকভাবে কোনো যাত্রী বা ক্রু হতাহত হননি। ঘটনার পরপরই হুতি সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে দাবি করেছে যে, বিমানবন্দরের কাছে অবস্থিত বদর শিবিরে সৌদি জোটের কমান্ড সদর দপ্তর লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছিল। তবে বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করার এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, এক সপ্তাহের মধ্যে এডেন বিমানবন্দরে এটি দ্বিতীয় হামলার ঘটনা, যা ওই অঞ্চলে চলমান সংঘাতকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।দৈনিক রূপালী চট্টগ্রাম