দুপুরে মেয়েকে দাফন, এক ঘণ্টা পর মিলল ছেলের মরদেহ

প্রধান অ্যাডমিন — 2026-10-17T07:42:00.000Z

ঢাকার ধামরাইয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর ধলেশ্বরী নদী থেকে দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বড় বোনের মরদেহ উদ্ধার করে দুপুরে দাফন করা হয়। এর এক ঘণ্টা পর নদী থেকে উদ্ধার করা হয় ছোট ভাইয়ের মরদেহ। পরে বিকেলে তাকেও একই কবরস্থানে দাফন করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা।

মারা যাওয়া দুই শিশু হলো সুমাইয়া (১০) ও হাসান (৮)। তারা ধামরাই উপজেলার চরসুঙ্গর গ্রামের অটোরিকশাচালক দ্বীন ইসলামের সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে মাদরাসা ছুটির পর বাড়িতে ফেরে সুমাইয়া ও হাসান। পরে তারা বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। দুপুর গড়িয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন।

শুক্রবার সকাল ৯টার দিকে নদীতে সুমাইয়ার মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন তা উদ্ধার করেন। দুপুর ১২টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর এক ঘণ্টা পর দুপুর ১টার দিকে একই নদীতে হাসানের মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা তার মরদেহও উদ্ধার করেন। পরে বিকেলে জানাজা শেষে একই কবরস্থানে তাকে দাফন করা হয়।

দুই সন্তানকে হারিয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা দ্বীন ইসলাম। দুই ছেলেমেয়েকে হারানোর পর ছয় বছর বয়সী ছোট ছেলে হোসেনকে জড়িয়ে ধরে কাঁদছেন তিনি।

ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা বলেন, নিখোঁজ হওয়ার এক দিন পর ধলেশ্বরী নদী থেকে দুই ভাইবোনের মরদেহ উদ্ধারের বিষয়ে পুলিশকে কেউ জানায়নি।

সোনারগাঁয়ে দেয়ালচাপায় কিশোরের মৃত্যু

এ দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মামার বাড়িতে বেড়াতে এসে দেয়ালচাপায় আরমান হোসেন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সনমান্দী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আরমান সনমান্দী পশ্চিমপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরমানের মামা মোর্শেদ ভূঁইয়া জানান, দুর্গাপূজার ছুটি কাটাতে মামার বাড়িতে বেড়াতে এসেছিল তার ভাগনে। সেখানে দেয়ালচাপায় তার মৃত্যু হয়।

একই দিনে দুই ভাইবোনের নদীতে ডুবে মৃত্যু এবং সোনারগাঁয়ে দেয়ালচাপায় এক কিশোরের প্রাণহানির ঘটনায় সংশ্লিষ্ট পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক রূপালী চট্টগ্রাম