নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা, নেতৃত্বে গিল-আইয়ার
প্রধান অ্যাডমিন — 2026-10-17T05:03:00.000Z
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুক্রবার (১৬ অক্টোবর) ঘোষিত দলে ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচে নেতৃত্ব দেবেন শুভমান গিল। আর শেষ দুই ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন শ্রেয়াস আইয়ার। প্রথম তিন ম্যাচে সহ-অধিনায়ক হিসেবেও থাকছেন তিনি। খবর এনডিটিভির। দুই ম্যাচের টেস্ট সিরিজেও ভারতের নেতৃত্ব দেবেন গিল। ফলে পুরো সফরে তার কাজের চাপ সামলাতে তাকে বিশ্রাম দেয়ার বিষয়টি বিবেচনায় রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।
নিউজিল্যান্ডের বিপক্ষে পুরো ওয়ানডে সিরিজেই খেলবেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুজনই টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে ওয়ানডে সিরিজের দলে জায়গা পাননি তারকা পেসার জাসপ্রিত বুমরাহ ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বুমরাহ খেলবেন দুই ম্যাচের টেস্ট সিরিজে।
ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন পেসার অংশুল কাম্বোজ। তবে প্রথম তিন ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণার খেলা নির্ভর করছে তার ফিটনেস ছাড়পত্রের ওপর।
অন্যদিকে, সিরিজের শেষ দুই ওয়ানডের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগ্র। ওই দুই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার। তার সহ-অধিনায়ক হিসেবে থাকবেন ঈশান কিষান।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ফিরেছেন বাংলার পেসার আকাশ দীপ। উইকেটকিপার হিসেবে দলে জায়গা পেয়েছেন ঋষভ পান্ত ও ধ্রুব জুরেল। তবে পান্তের খেলা নির্ভর করছে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সের ফিটনেস ছাড়পত্রের ওপর।
টেস্ট দলে আরও রয়েছেন যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজের মতো ক্রিকেটাররা। আগামী ৪ নভেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ১৯ নভেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
নিউজিল্যান্ড সিরিজে ভারতের দল
প্রথম তিন ওয়ানডের দল
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নামান ধীর, অংশুল কাম্বোজ, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, আর্শদীপ সিং, ঈশান কিষান (উইকেটকিপার), মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা* ও কুলদীপ যাদব।
শেষ দুই ওয়ানডের দল
শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক ভার্মা, ঈশান কিষান (উইকেটকিপার ও সহ-অধিনায়ক), নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নামান ধীর, অকিব নবী, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, আর্শদীপ সিং, কুমার কুশাগ্র (উইকেটকিপার), মোহাম্মদ সিরাজ, যশ ঠাকুর ও কুলদীপ যাদব।
টেস্ট সিরিজের দল
শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), দেবদত্ত পাডিক্কাল, ঋষভ পান্ত (উইকেটকিপার)*, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অংশুল কাম্বোজ, জাসপ্রিত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, সাই সুদর্শন, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
দৈনিক রূপালী চট্টগ্রাম