ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, ভালোবাসার বার্তা দিলেন প্রেমিকা লেখা
প্রধান অ্যাডমিন — 2026-10-16T13:05:00.000Z

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে আইনি জটিলতায় জড়িয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। ভারত সরকারের ফরেনার্স রিজিয়োনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) আমির খানের ভাগ্নে এই অভিনেতাকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে। এই নির্দেশনার বিরুদ্ধে এরই মধ্যে আইনি লড়াই শুরু করেছেন ইমরান। আর এই কঠিন সময়ে অভিনেতার পাশে দাঁড়িয়ে ভালোবাসার বার্তা দিয়েছেন তার প্রেমিকা লেখা ওয়াশিংটন।
শুক্রবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ইমরানের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন লেখা। পুলিশের ভ্যানের ভেতরে দুজন পাশাপাশি বসে আছেন—এমন একটি মুহূর্ত তুলে ধরে ক্যাপশনে লেখা লেখেন, ‘শুধুই ভালোবাসা’। সঙ্গে জুড়ে দেন কয়েকটি লাভ ইমোজি। ছবিটিতে ইমরানের বোন জেন মেরি খান দুজনের প্রশংসা করে মন্তব্য করেছেন, ‘তোমরা দুজনেই অসাধারণ!’
ঘটনার সূত্রপাত গত ১০ অক্টোবর। ভারতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আয়োজনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ক্রান্তি ময়দানে আয়োজিত ওই প্রতিবাদে ইমরানের সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রেমিকা লেখা ওয়াশিংটন ও বোন জেন মেরি। সেখান থেকেই পুলিশ তাদের তিনজনকে আটক করে এবং পরবর্তীকালে শনিবার রাতে ছেড়ে দেওয়া হয়।
ঘটনাটির কয়েকদিন পর সোশ্যাল মিডিয়ায় সেই সময়ের বিস্তারিত বিবরণ দিয়ে একটি পোস্টও করেছিলেন লেখা। কেন তারা ক্রান্তি ময়দানে গিয়েছিলেন এবং সেখানে পৌঁছানোর পর কী ঘটেছিল, তা ব্যাখ্যা করেন তিনি।
আমির খানের ভাগ্নে ইমরান খান জন্মসূত্রে আমেরিকার নাগরিক হলেও তার কাছে রয়েছে ‘ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া’ (ওসিআই) কার্ড। মুম্বাই পুলিশের দাবি, ভারতীয় নাগরিক না হয়েও এ ধরনের রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া অভিবাসন আইনের লঙ্ঘন। এই অপরাধেই তাকে ভারত ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে।
তবে ইমরানের আইনজীবীদের মতে ভিন্ন। তাঁদের দাবি, ওসিআই কার্ডধারীদের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। এই যুক্তিতেই এফআরআরও-র আদেশের বিরুদ্ধে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা।
উল্লেখ্য, ২০০৮ সালে জেনেলিয়া ডি’সুজার বিপরীতে ‘জানে তু... ইয়া জানে না’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল ইমরানের। প্রথম ছবিতেই বক্স অফিসে বাজিমাত করে দর্শকের কাছে ‘লাভার বয়’ পরিচিতি পান তিনি। পরবর্তীতে ‘দেলহি বেলি’, ‘আই হেট লভ স্টোরিজ’ ও ‘গোরি তেরে পেয়ার মে’-র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করলেও একসময় বড় পর্দা থেকে দূরে সরে যান। সম্প্রতি নতুন করে অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এই তারকা, যার মাঝেই এই নতুন বিতর্ক।
দৈনিক রূপালী চট্টগ্রাম