সুনামগঞ্জ শহরের একটি পারিবারিক মন্দির থেকে চুরি হওয়া দেড়শ বছরের পুরোনো তিনটি প্রতিমা ও মূল্যবান পূজাসামগ্রী উদ্ধার করেছে পুলিশ
প্রধান অ্যাডমিন — 2026-10-16T11:44:00.000Z
চুরির ২৪ ঘণ্টার মধ্যে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা থেকে এসব সামগ্রী উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নোয়াবাদ গ্রাম থেকে প্রতিমা ও পূজাসামগ্রীগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো মন্দিরের মালিক রাজগোবিন্দ চক্রবর্তীর হাতে তুলে দেওয়া হয়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) ভোরে সুনামগঞ্জ পৌর শহরের বাধনপাড়া এলাকার গোবিন্দ চক্রবর্তীর পারিবারিক মন্দিরে চুরির ঘটনা ঘটে। চোরেরা বাড়ির পেছন দিক দিয়ে প্রবেশ করে মন্দিরের তালা ভেঙে প্রায় দেড়শ বছরের পুরোনো তিনটি প্রতিমাসহ মূল্যবান পূজাসামগ্রী নিয়ে যায়। এ সময় বাড়ির পাশের একটি স্টেশনারি দোকান থেকে নগদ টাকাও চুরি হয়।
চুরি হওয়া প্রতিমাগুলোর মধ্যে রয়েছে ২০ কেজি ওজনের ও দুই ফুট উচ্চতার মদনমোহন মূর্তি, ১৫ কেজি ওজনের ও এক ফুট উচ্চতার রাধা মূর্তি এবং সাত ইঞ্চি উচ্চতার গণেশ মূর্তি।
এ ছাড়া চুরি হওয়া সামগ্রীর মধ্যে ছিল একটি সোনার চেইন, একটি রুপার বাঁশি, তিনটি সোনার চূড়া, পুরোনো কাঁসার বাসন, শীলা, শালগ্রাম শিলাসহ বিভিন্ন পূজাসামগ্রী।
চুরির খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ রতন শেখ ও পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অভিজিৎ ভৌমিক উদ্ধার অভিযানে নামেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ গ্রামে অভিযান চালিয়ে চুরি হওয়া প্রতিমা ও পূজাসামগ্রী উদ্ধার করা হয়।
এ ঘটনায় সুনামগঞ্জ পৌর শহরের হাসনগর এলাকার এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
ব্যবসায়ী গোবিন্দ চক্রবর্তী বলেন, পূজা শুরুর আগেই প্রতিমা ও পূজার সামগ্রী ফিরে পেয়ে তাঁরা খুবই খুশি। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সুনামগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ রতন শেখ বলেন, চুরির ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ থেকে চুরি হওয়া প্রতিমা ও পূজাসামগ্রী উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক রূপালী চট্টগ্রাম