ঘোড়াঘাটে ১৯৮ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
প্রধান অ্যাডমিন — 2026-10-16T07:01:00.000Z
দিনাজপুরের ঘোড়াঘাটে ১৯৮টি ইয়াবাসহ জাকিরুল ইসলাম (৩৯) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দনপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার জাকিরুল ইসলাম বুলাকীপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি কুলানন্দনপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কুলানন্দনপুর বাজার এলাকায় অভিযান চালায় ঘোড়াঘাট থানা-পুলিশ। উপপরিদর্শক (এসআই) রাজা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় জাকিরুল ইসলামকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাঁর সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজন ব্যক্তি পালিয়ে যান।
পরে জাকিরুল ইসলামের পরিহিত লুঙ্গির ডান কোচ তল্লাশি করে একটি সাদা জিপারযুক্ত পলিপ্যাকে রাখা ১৯৮টি ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে জাকিরুল ইসলাম ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রাখার কথা স্বীকার করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, এ ঘটনায় জাকিরুল ইসলামসহ আরও দুই থেকে তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার জাকিরুল ইসলামকে শুক্রবার আদালতে পাঠানোর কথা রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
দৈনিক রূপালী চট্টগ্রাম