পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করে টাকা-মোবাইল ফোন ছিনতাই, গ্রেপ্তার ২

প্রধান অ্যাডমিন — 2026-10-16T06:02:00.000Z

খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে ‘স্পিকার’ মিরাজ (৩৯) এবং তার সহযোগী ইব্রাহীম গাজীকে (৪২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

গ্রেপ্তারকৃত মিরাজ খুলনা সদর থানার হাজী মহসিন রোড এলাকার ফারুক মিয়ার ছেলে। ইব্রাহীম গাজী একই থানার সরকারপাড়া টুটপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।

এসআরবি জানায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার কলাবাগান ও সদর থানার টুটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

প্রসঙ্গত, গত ৯ অক্টোবর খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম রিকশায় করে পুলিশ ক্লাবে যাওয়ার পথে নগরীর কলেজিয়েট স্কুলের সামনে তিন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার পর ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপর কোপানো হয়। এতে তিনি গুরুতর জখম হন।

এ ঘটনায় খুলনা জেলা গোয়েন্দা শাখায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মো. আওয়াল হোসেন বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন এ ঘটনায় সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃত মিরাজের বিরুদ্ধে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আড়ংঘাটা ও সদর থানায় গুরুতর আঘাত, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলার তথ্য রয়েছে। ইব্রাহীম গাজীর বিরুদ্ধেও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

দৈনিক রূপালী চট্টগ্রাম