চট্টগ্রামের প্রখ্যাত শিক্ষাবিদ USTC'র বর্তমান উপাচার্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মোহাম্মদ সোলাইমান আর বেঁচে নেই
প্রধান অ্যাডমিন — 2026-10-15T17:05:00.000Z

১৯৫৫ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডের মছজিদ্দা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন প্রফেসর ড. মোহাম্মদ সোলাইমান। মসজিদ্দা হাই স্কুল থেকে ১৯৭২ সালে মাধ্যমিক, সীতাকুণ্ড কলেজ থেকে ১৯৭৪ সালে উচ্চমাধ্যমিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৯ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ভারতের পুনে বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে পিএইচডি এবং যুক্তরাষ্ট্রের University of Rhode Island থেকে ১৯৯৯ সালে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে অধ্যাপনা করেন। মার্কেটিং সায়েন্স ও গ্রিন মার্কেটিং বিষয়ে গবেষণায় তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট ফেলোশিপ ও কমনওয়েলথ স্কলারশিপসহ বিভিন্ন মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জন করেন। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ঢাকার University of Information Technology and Sciences (UITS)-এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ইউএসটিসির উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি উচ্চশিক্ষা ও গবেষণায় অবদান রেখে গেছেন।
একজন প্রাজ্ঞ শিক্ষাবিদ, গবেষক ও আদর্শ শিক্ষক হিসেবে তিনি অসংখ্য শিক্ষার্থীর জীবনে জ্ঞানের আলো ছড়িয়েছেন। তাঁর বিনয়, মানবিকতা ও শিক্ষাক্ষেত্রে অবদান তাঁকে দীর্ঘদিন স্মরণীয় করে রাখবে।
দৈনিক রূপালী চট্টগ্রাম