ইলিনয়ে হিন্দু মন্দিরে হা'ম'লার পরিকল্পনা

প্রধান অ্যাডমিন — 2026-10-15T15:40:00.000Z

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা শহরে অবস্থিত একটি বৃহৎ হিন্দু মন্দিরে বন্দুক হামলার পরিকল্পনাকারী ১৯ বছর বয়সী এক শ্বেতাঙ্গ উগ্রবাদীকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। ধৃত তরুণের নাম আলেকজান্দ্রোস পাপোরাকিস, যিনি পেশায় একটি ফাস্টফুড আউটলেটের ক্যাশিয়ার। গত রবিবার (১১ অক্টোবর ২০২৬) হামলার মূল পরিকল্পনা থাকলেও পাপোরাকিসের ব্যবহৃত এআর-স্টাইলের রাইফেলটি আকস্মিকভাবে জ্যাম (লক) হয়ে যাওয়ায় বড় ধরনের একটি গণহত্যা থেকে রক্ষা পায় শত শত পুণ্যার্থী। রাইফেলটি অকেজো হয়ে পড়ার পর সে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং বিষয়টি এক সহকর্মীকে ফোন করে জানায়। পরবর্তীতে দুই সহকর্মীর দেওয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই (FBI) ও স্থানীয় পুলিশ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। পাপোরাকিসের বাড়ি তল্লাশি করে সিরিয়াল নম্বরবিহীন রাইফেল, শত শত বুলেট ও নাৎসি প্রতীকের পাশাপাশি ৮ পৃষ্ঠার একটি দীর্ঘ ইশতেহার উদ্ধার করা হয়েছে, যেখানে সে নিজেকে একজন 'শৈশব থেকে লালিত নব্য-নাৎসি শ্বেতাঙ্গ উগ্রবাদী' হিসেবে উল্লেখ করে কৃষ্ণাঙ্গ, ইহুদি এবং বিশেষ করে ভারতীয়দের ‘উপমানব’ (Subhumans) বলে সম্বোধন করেছে এবং তাদের হত্যার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছে।
এই চাঞ্চল্যকর ঘটনার পর যুক্তরাষ্ট্রে বসবাসরত দক্ষিণ এশীয় ও ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA) এই বর্ণবাদী ও বিদ্বেষমূলক চক্রান্তের তীব্র নিন্দা জানিয়ে মার্কিন প্রশাসনের কাছে পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং ভারতীয় প্রবাসীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক ও মার্কিন গবেষণা সংস্থার সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স' (X)-এ গত দুই বছরে দক্ষিণ এশীয়দের লক্ষ্য করে বিদ্বেষমূলক পোস্টের পরিমাণ প্রায় তিন গুণ বেড়েছে। কার্নেগি অ্যান্ডোমেন্টের এক জরিপ অনুযায়ী, প্রতি চারজন ভারতীয় আমেরিকানের মধ্যে একজন গত বছর মৌখিক বা বর্ণবাদী গালাগালির শিকার হয়েছেন। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে কট্টর অভিবাসন-বিরোধী রাজনৈতিক প্রচার এবং শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের উত্থানের ফলে যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয় ও হিন্দু ধর্মীয় উপাসনালয়গুলোকে নিশানা করার এই বিপজ্জনক প্রবণতা বা 'হিন্দুফোবিয়া' আশঙ্কাজনকভাবে বাড়ছে।

দৈনিক রূপালী চট্টগ্রাম